নেপালে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশের রাষ্ট্রদূতের ইফতার আয়োজন

বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত ইফতার
বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত ইফতার | ছবি: সংগৃহীত
0

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান কাঠমান্ডুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) অনুষ্ঠানে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষা ও তাৎপর্য-এর ওপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে এ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ব্যাপারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের জন্য নেপালের জনগণকে অভিনন্দন জানান এবং এই নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এসময় রাষ্ট্রদূত নেপালের জনগণের প্রত্যাশা ও দৃঢ়তার প্রশংসা করেন এবং নেপালের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত নতুন সরকারের অগ্রাধিকারগুলো যথা প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সুদৃঢ়করণ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন।

আরও পড়ুন:

একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।

বিভিন্ন আন্তর্জাতিক খাবারের সঙ্গে বাংলাদেশের সামুদ্রিক খাবার ও ঐতিহ্যবাহী মিষ্টান্নের সমন্বয়ে পরিবেশিত নৈশভোজ দিয়ে আয়োজন শেষ হয়। এই আয়োজনে ১৮টি দূতাবাসের মিশন প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর মিশন প্রধানসহ সিনিয়র কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

অতিথিদের মধ্যে অন্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, নরওয়ে, ফিনল্যান্ড, মিশর, ভারত এবং মিয়ানমারের রাষ্ট্রদূত/সিডিএ এআইরা অংশ নেন। এছাড়াও সার্কের মহাসচিব, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং নেপালে আইএলও-এর প্রধান এই অনুষ্ঠানে অংশ নেন।

এসএস