ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানী: মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা

ঈদের কেনাকাটায় জমজমাট মার্কেট
ঈদের কেনাকাটায় জমজমাট মার্কেট | ছবি: এখন টিভি
0

ঈদ যতই ঘনিয়ে আসছে, রাজধানীর ছোট-বড় মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। দিনের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। বড়দের পাশাপাশি শিশুরাও কিনছে বিভিন্ন কালার ও ডিজাইনের পোশাক। সাথে খেলনা ও জুতার চাহিদাও রয়েছে অনেক।

ঈদের কেনাকাটা করতে রাজধানীর বসুন্ধরা সিটিতে পরিবারসহ ভিড় করছে সাধারণ মানুষ। এসেছে বিভিন্ন বয়সের শিশুরাও। কেনাকাটায় বড়দের পাশাপাশি আনন্দে সময় কাটছে তাদের।

বড়দের পাশাপাশি শিশুরাও কিনছে বিভিন্ন কালার ও ডিজাইনের পোশাক। শিশুদের ফ্রক, লেহেঙ্গা, শার্ট, প্যান্ট, গেঞ্জি সেটের আধিক্য থাকলেও চাহিদা বেশি মেয়েদের পাকিস্তানি ফারসি ড্রেস ও ছেলেদের পাঞ্জাবি।

আরও পড়ুন:

বিক্রেতারা বলছেন, আগের তুলনায় এবার খুব একটা বাড়েনি দাম। শিশুদের ফ্রক ২ থেকে ৫ হাজার, ওয়েস্টার্ন ২ থেকে ৩ হাজার, লেহেঙ্গা ৪ থেকে ৯ হাজার এবং পাকিস্তানি ফার্সি ড্রেস বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে। এছাড়াও, ছেলে শিশুদের পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট বিক্রি হচ্ছে ২ হাজারের মধ্যে।

বিক্রেতারা জানান, ছেলে শিশুদের জামা কাপড় বিভিন্ন দামের মধ্যে রয়েছে। ২ হাজার থেকে শুরু হয়ে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে এসব পোশাক।

পোশাকের পাশাপাশি শিশুদের জুতার চাহিদাও অনেক। ১৫শ থেকে ২ হাজার টাকায় মিলছে স্নিকার্স, স্যান্ডেলসহ বিভিন্ন ডিজাইনের জুতা। এছাড়াও, খেলনা জাতীয় পণ্যের প্রতি ছিলো শিশুদের আলাদা আকর্ষণ।

শিশুদের পাশাপাশি ঈদ কেনাকাটায় ব্যস্ত বড়রাও। শেষ মুহুর্তের ভোগান্তি এড়াতে ও ঈদের ছুটি শুরুর আগেই তাই কেনাকাটা সেরে ফেলছেন তারা।

ক্রেতারা জানান, অনেকে গ্রামে চলে যাবে তাই আগেই কেনাকাটা শেষ করে ফেলছে।

ঈদ সামনে রেখে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে রাজধানীর ছোট-বড় মার্কেট ও অভিজাত শপিং মলগুলো। ঈদ যতই ঘনিয়ে আসছে, দিনভর কেনাকাটার পাশাপাশি তাই রাতেও পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতা সমাগম।

ইএ