Recent event

রমজানের দ্বিতীয় সপ্তাহে জমে উঠেছে বেচাকেনা, তুঙ্গে ঈদ বাজারে পাঞ্জাবির চাহিদা

পাঞ্জাবি
পাঞ্জাবি | ছবি: এখন টিভি
0

রমজানের দ্বিতীয় সপ্তাহে জমে উঠেছে রাজধানীর শপিংমলগুলো। ঈদকে সামনে রেখে পুরুষদের চাহিদার শীর্ষে রয়েছে পাঞ্জাবি। সুতির পাশাপাশি সফট লিলেন, কাবুলি, প্রিন্টসহ ফ্যাশনেবল পাঞ্জাবি কিনছেন তারা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দোকানিদের প্রত্যাশা, সময়ের সঙ্গে পাঞ্জাবির বিক্রি আরও বাড়বে।

ঈদকে ঘিরে প্রতিবছরই পাঞ্জাবির চাহিদা থাকে তুঙ্গে। তাই ক্রেতাদের চাহিদা মাথায় রেখে শপিংমলগুলোতে শোভা পাচ্ছে নানা রঙ ও ডিজাইনের পাঞ্জাবি।

রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ ও কারওয়ানবাজার এলাকার শপিংমল ঘুরে দেখা যায় সুতির পাশাপাশি সফট লিলেন, কাবুলি ও প্রিন্টের পাঞ্জাবির চাহিদা বেশি। ক্রেতারা জানান, গতবছরের চেয়ে এ বছর পাঞ্জাবির ডিজাইনে নতুনত্ব এসেছে। আবহাওয়া বিবেচনায় আকর্ষণীয় ও আরামদায়ক পাঞ্জাবিকে প্রাধান্য দিচ্ছেন তারা।

ক্রেতাদের একজন বলেন, ‘পাঞ্জাবি কিনতে এসেছি। এ বছর ডিজাইনভালো এসেছে। অনেক অপশন রয়েছে।’

এদিকে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছেন এবছর দাম কিছুটা বেড়েছে। আবার অনেকের দাবি সহনীয় পর্যায়েই রয়েছে দাম।

আরও পড়ুন:

ক্রেতারা জানান, দাম ৩ থেকে চার হাজারের মধ্যে থাকলে ভালো হতো। তবে দাম বেশি মনে হচ্ছে তাদের কাছে। ৫ থেকে ৬ হাজার টাকায় স্ট্যান্ডার্ড পাঞ্জাবি পাচ্ছেন তারা।

অন্যদিকে পাঞ্জাবির বিক্রি নিয়ে আশাবাদী দোকানিরা। ধীরে ধীরে বিক্রি বাড়ছে। ঈদ ঘনিয়ে আসলে প্রত্যাশা অনুযায়ী পাঞ্জাবি বিক্রির আশা তাদের।

বিক্রেতাদের একজন বলেন, ‘এ বছর ভালো ব্যবসা হচ্ছে। পাকিস্তানি ড্রেসগুলো ভালো বিক্রি হচ্ছে। আমাদের দেশি আইটেমগুলো ভালো চলছে।’

বিক্রেতারা জানান, সামনের মাসের ২ থেকে ৩ তারিখ থেকে ভালো বিক্রি হবে। নির্বাচন গেছে, সব মিলিয়ে ভালো বিক্রির প্রত্যাশা তাদের। ক্রেতা চাহিদাকে মাথায় রেখে সামনে আরও কিছু ডিজাইনের পাঞ্জাবি বাজারে আসবে বলে জানান দোকানিরা।

এফএস