Recent event

ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে: ত্রাণমন্ত্রী

পথসভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু
পথসভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু | ছবি: এখন টিভি
1

পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে দেশের হতদরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে এ কর্মসূচির আওতায় আনা হবে।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের একটি ‘বিশেষ প্যাকেজ’ গ্রহণ করা হয়েছে। এই প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এরই মধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

আরও পড়ুন:

এসময় খাল খনন ও পরিবেশ রক্ষা শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দেশের জলপথ ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমানে খালগুলো চিহ্নিত করার কাজ চলছে। এই কর্মসূচি সফল করতে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।’

পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এর অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি চারা রোপণ করা হবে।’

বাজার ও বিদ্যুৎ পরিস্থিতি আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় সব নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএইচ