Recent event

দুর্নীতি দূর করতে আমাদের ৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে: মন্ত্রী রবিউল

শেখ রবিউল আলম
শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
0

সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে জ্ঞাতসারে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘এ তিন মন্ত্রণালয় থেকে দুর্নীতি দূর করার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।’

ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত শেখ রবিউল আলম সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান।

তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, ‘এখানে প্রায় তিনটি মন্ত্রণালয়, কাজের পরিধি অনেক বড়। একজনের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই আরও দুজন সহযোগী দরকার ছিল এবং দল বিবেচনা করে দুজন প্রতিমন্ত্রী দিয়েছে।’

আরও পড়ুন:

প্রতিমন্ত্রীদের সম্পর্কে তিনি বলেন, ‘তারা দুজনই তরুণ এবং সাবেক ছাত্রনেতা। আমার সঙ্গে তাদের চমৎকার সম্পর্ক রয়েছে। তারা আমার সহযোগী হবেন, বাধা হবেন না। তিনজন একসঙ্গে কাজ করলে অনেক বেশি কাজ দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হবে।’

মন্ত্রণালয়ের কাজ শুধু ঢাকাকেন্দ্রিক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন রাজধানীর প্রধান কাজগুলো করে। মন্ত্রণালয় যখন কাজ করে, তখন কোনো বিশেষ এলাকা বা আঞ্চলিক স্বার্থে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থে কাজ করে। উন্নয়ন দৃশ্যমান করতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে এই তিনটি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন:

এ তিন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ ও প্রকল্পের নামে অর্থ অপচয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ‘জ্ঞাতসারে দুর্নীতির কোনো সুযোগ নেই। যদি বেশি দুর্নীতি থেকেও থাকে, তবে বুঝতে হবে তা দূর করার জন্যই আমাদের তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

জনগণের অর্থ যেন জনকল্যাণে ব্যয় হয় এবং অপচয় না হয়, তা নিশ্চিত করাই লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারপ্রধান আস্থা রেখে আমাদের দায়িত্ব দিয়েছেন। জনগণও দলের ওপর আস্থা রেখে সরকার গঠন করতে দিয়েছে। নিশ্চয়ই আপনারা সুসংবাদ পাবেন। শুধু একটু ধৈর্য ধরবেন এবং বস্তুনিষ্ঠভাবে সবকিছু বিবেচনা করবেন।’

এসএস