Recent event

ধানের শীষে ভোট দেয়ায় ‘তালাক’; বিবি জোহরার পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’
বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’ | ছবি: এখন টিভি
1

বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে ধানের শীষে ভোট দেয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়ালেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার বাড়িতে পরিদর্শনে যায়।

তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং তার সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

আরও পড়ুন:

এসময় মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা নিয়ে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের নেতারা জহুরার স্বামীর বাড়িতে হাজির হই। এসময় জহুরার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। তার তিন সন্তানের ভরণপোষন ও পড়ালেখার দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া হয়।’

তিনি জানান, প্রতি মাসে পরিবারের খরচের অর্থ জহুরার কাছে পৌঁছে দেবে সংগঠনের পক্ষ থেকে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে জহুরাকে বসবাসের জন্য একটি নতুন ঘর তৈরি করে দিবে ‘আমরা বিএনপি পরিবার’।

বিএনপি পরিবারের সহায়তা পেয়ে জহুরা বলেন, ‘আমি ধানের শীষে ভোট দিয়ে কোনো ভুল করিনি।’ এছাড়া বিএনপি পরিবারকে পাশে পেয়ে জহুরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতারা।

এর আগে, গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে জহুরার সঙ্গে দেখা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় জহুরা, তার শাশুড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পাশে থাকার কথা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। এরপরই বিষয়টি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনা হয়। খবর পেয়ে আমরা বিএনপি পরিবারকে ফেনীতে পাঠান তারেক রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন। এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটকে রাখে।

এরপর স্ত্রীকে দেয়া মৌখিক তালাক ফিরিয়ে নেবে এমন কথা বলে কৌশলে পালিয়ে যায় সে। এরপর তিন সন্তান নিয়ে জহুরা পড়েন অনিশ্চিত ভবিষ্যতে। ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাওসার। এর মধ্যে তাদের সংসারে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮), ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান জন্ম নেয়।

পিতার পরিবার অসচ্ছল হওয়ায় সন্তানদের কথা বিবেচনা করে জহুরা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। কাওসার ফেনী শহরের রেল গেট এলাকায় বেডিং কারিগর হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সে অনেকটা ঘরে আবদ্ধ।

এসএস