Recent event

ফ্যাসিবাদী সময়ে সাহসী ভূমিকা পালনকারীদের বাদ দিয়েছে সাদা দল: ইউটিএল

ইউটিএলের লোগো
ইউটিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) অভিযোগ করেছে, ফ্যাসিবাদী শাসনামলে যারা সাহসী ভূমিকা পালন করেছিলেন, সাদা দল এখন সেই শিক্ষকদের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি মনে করছে, এটি বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং উদ্বেগজনক প্রবণতার বহিঃপ্রকাশ।

গতকাল (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) ইউটিএলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক সাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাতজন শিক্ষকের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভিন্নমত প্রকাশ এবং দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করায় সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক আর রাখা সম্ভব না।

এর প্রতিক্রিয়ায় দেয়া বিবৃতিতে ইউটিএল জানায়, আমরা কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়ার আহ্বান জানায়নি; বরং ন্যায়, ইনসাফ ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছি। আমাদের এ আহ্বানকে সাদা দল যেভাবে নিজেদের বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখছে—তা দুঃখজনক।

আরও পড়ুন:

ইউটিএল আরও দাবি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসেবে তারা মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে কাজ করে আসছে। কিন্তু সাদা দলের সাম্প্রতিক সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করার প্রয়াস বলে তারা মনে করে।

অন্যদিকে, সাদা দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউটিএলের কয়েকজন শিক্ষক সাদা দলের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন। পরে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা কোনো জবাব দেননি। ফলে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাদা দলের এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত হয়—ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস ইবনে হোসাইন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম, আরবি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ওমর ফারুক, আরবি বিভাগের অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হকসহ সাতজন শিক্ষকের সঙ্গে সাদা দলের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

সাদা দলের মতে, ওই শিক্ষকরা এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন যার সঙ্গে দলের আদর্শিক অবস্থানের কোনো মিল নেই। তাই সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ইউটিএল এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী নন। মুক্তবুদ্ধি ও বিবেকের দায় থেকেই তারা মতপ্রকাশ করেন। ভিন্নমতের কারণে শিক্ষকদের বিচ্ছিন্ন করার এ সংস্কৃতি উচ্চশিক্ষাঙ্গনের জন্য শুভ নয়।

এফএস