Recent event

এবারও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন | ছবি: এখন টিভি
1

টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন। এর পাশাপাশি চলতি বছর হজযাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি ধর্ম উপদেষ্টা এসব কথা জানান।

খালিদ হোসেন বলেন, ‘গত দেড় বছর অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার সর্বাত্মক চেষ্টা করে গেছি। কর্মকর্তা-কর্মচারীদেরকেও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি, উৎসাহ-অনুপ্রেরণা যুগিয়েছি।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। যৌক্তিক খরচে হজ পালনের যে জনআকাঙ্ক্ষা ছিলো সেটি নিয়ে আমি বিশেষভাবে কাজ করার চেষ্টা করেছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে।’

আরও পড়ুন:

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ ও নেগোশিয়েশনের মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়। এবছর বিমানভাড়া গতবছরের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। গত দুইবছরে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা বিমানভাড়া হ্রাসের বিষয়টি উল্লেখ করার মতো অর্জন বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘২০২৪ সালের হজে যেখানে বিমানভাড়া ছিলো এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। ২০২৬ সালের হজে এসে বিমান ভাড়া হয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা। এটাকে আরও কমানোর বিষয়ে আমি চেষ্টা অব্যাহত রেখেছিলাম।’

তিনি আরও বলেন, ‘২০২৫ সালের হজে চালু হয়েছে “লাব্বাইক” অ্যাপ, প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধা। এবার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সাশ্রয়ী প্যাকেজের মূল্য চার লাখ ৬৭ হাজার টাকা।’

এবছরের হজ প্রস্তুতি সন্তোষজনক এবং হাজিদের ভোগান্তি কমাতে হারাম শরীফের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

এসএস