Recent event

টেকনাফ সীমান্তে নিহত হুজাইফার মৃত্যুতে গোলাম পরওয়ারের দুঃখপ্রকাশ

হুজাইফা ও গোলাম পরওয়ার
হুজাইফা ও গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক বিবৃতি প্রদান করেছে জামায়াতে ইসলামী।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখপ্রকাশ করছি।

এছাড়া বিবৃতিতে বলা হয়, নিরীহ একটি শিশুর এভাবে প্রাণ ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা। নিজের উঠানে খেলতে থাকা একটি শিশুর মাথায় সীমান্ত পেরিয়ে আসা বুলেটের আঘাত প্রমাণ করে- উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।

আরও পড়ুন:

আরও বলা হয়, মরহুম হুজাইফার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত বাবা-মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন-আমিন।

বিবৃতিতে বলা হয়, একই সঙ্গে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সীমান্ত এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সীমান্তে চলমান অস্থিরতার কারণে এভাবে নিরীহ মানুষ প্রাণ হারাবে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

ইএ