নির্মাণ শেষ, ৮ বছরে তবুও হয়নি চালু হাটচাঁদনী

দ্বিতল হাটচাঁদনী ভবন
দ্বিতল হাটচাঁদনী ভবন | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল হাটচাঁদনী ভবনটি দীর্ঘ ৮ বছরেও চালু হয়নি। ২০২১ সালে নির্মাণকাজ শেষ হলেও ৬২টি দোকান আজও ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ দেয়নি কর্তৃপক্ষ। এতে যেমন ভেস্তে যেতে বসেছে সরকারের কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা, তেমনি রক্ষণাবেক্ষণের অভাবে অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে ভবনটি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৮ সালে শুরু হওয়া নির্মাণকাজ ২০২১ সালে শেষ হয়। দ্বিতল ভবনে ৬২টি দোকান থাকলেও তা আজও ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ দেয়া হয়নি। ফলে প্রায় দুই কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই অবকাঠামো সুফল থেকে বঞ্চিত স্থানীয় ব্যবসায়ীরা।

এ দিকে ভবনের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছেন নির্মাণ শ্রমিকরা। দীর্ঘদিন ভবনটি অরক্ষিত অবস্থায় ফেলে রাখায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র। স্থানীয়দের অভিযোগ, রাতে ভবনের বিভিন্ন স্থানে মাদকাসক্তদের আড্ডা বসে। কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি এই স্থাপনাটি দ্রুত বরাদ্দ দিয়ে ব্যবসায়ীদের কাজে লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে কাজ শেষ না করার কোনো লাভ হচ্ছে না বলেন তারা। এদিকে নিয়ম মেনে দ্রুত ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ দেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের।

ঝিনাইদহ কালিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি যে আমাদের যে বাজারের বিষয়গুলো, ওখানে যে দীর্ঘদিন ধরে যেহেতু ওটা কাউকে বরাদ্দ দেয়া হয়নি দোকান বরাদ্দের বিষয়ে এবং এরই মধ্যে অবহিত করার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত আসলে সে প্রেক্ষিতে আমরা দোকান ভাড়া দেয়ার বিষয়ে আবেদন আহ্বান করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি এই স্থাপনাটি দ্রুত ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ দিয়ে চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। জনস্বার্থে নির্মিত এই প্রকল্পটি যাতে দ্রুত আলোর মুখ দেখে, সেটাই এখন সবার প্রত্যাশা।

জেআর