Recent event

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি; রমজান মাসের জন্য বিশেষ ব্যবস্থা

অধ্যাপক মোহাম্মদ আজম
অধ্যাপক মোহাম্মদ আজম | ছবি: এখন টিভি
1

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে বাংলা একাডেমি জানিয়েছে, মেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। এ বছর মেলা রমজান মাসের সঙ্গে মিলে যাওয়ায় বাংলা একাডেমি মেলার প্রাঙ্গণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, ‘রমজান মাসকে মাথায় রেখে মেলার সময় দুপুর ২টা থেকে নির্ধারণ করা হয়েছে। দর্শকরা যাতে নামাজ ও তারাবি পড়তে পারেন, সে জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। ইফতার আয়োজনের জন্য ফুড স্টল ও পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা নেয়া হয়েছে। এককথায় ধর্মীয় প্রয়োজনীয় সব ব্যবস্থা মেলার মাঠে থাকবে। আশা করি, দর্শক ও লেখক-পাঠকরা কোনো ভোগান্তিতে পড়বেন না।’

প্রকাশকদের পক্ষ থেকে ঈদের পর মেলা আয়োজনের দাবি জানানো হলেও বাংলা একাডেমি ও বইমেলা আয়োজক কমিটি তা যৌক্তিক মনে করেনি। বইমেলা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা বলেন, ‘মেলা আয়োজনের কাজ তখন প্রায় ৬০ ভাগ সম্পন্ন। কিছু প্রকাশক ঈদের পর মেলা আয়োজন করার অনুরোধ করেছেন, কিন্তু এপ্রিল মাসে তাপপ্রবাহ, ধুলোবালি ও কালবৈশাখীসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এ সময়ে পুরো মাসব্যাপী বইমেলার আয়োজন করা বাস্তবসম্মত নয়। তাই ২০ ফেব্রুয়ারি ঘোষণা অনুযায়ী মেলা শুরু করা সবচেয়ে যৌক্তিক।’

আরও পড়ুন:

এ বছর মেলায় রমজানকে বিবেচনায় রেখে অন্যান্য সুবিধাও নেয়া হয়েছে। অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘মেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে যাতে দর্শকরা দুপুরে আগমনের পর ইফতার ও নামাজের জন্য সুবিধা পান। তারাবির নামাজের জন্য বড় পরিসরে ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ফুড স্টলগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে যাতে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ নিশ্চিত হয়।’

বইমেলা কমিটি আশা করছে, চ্যালেঞ্জ থাকলেও প্রকাশক ও দর্শকরা মেলায় অংশগ্রহণ করে এ সাহিত্য উৎসবকে সফল করবেন। বাংলা একাডেমি ও আয়োজক কমিটি জানিয়েছেন, প্রাণের বইমেলা আগের মতোই সাহিত্যপ্রেমীদের জন্য আনন্দঘন ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।

এনএইচ