Recent event

ভাঙচুর-অগ্নিসংযোগের পর বুলডোজারে ভাঙা হচ্ছে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি

0

বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেয়া হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে বক্তব্য দেয়ার প্রতিবাদে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটিতে ভাঙচুর ও আগুন দেয় ছাত্র-জনতা। বুধবার রাত ৮টায় ধানমন্ডি-৩২ নম্বরে প্রবেশ করে তারা।

|undefined

মঙ্গলবার শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'বুলডোজার মিছিলের' ডাক দেয়। কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে বিক্ষোভ-ভাঙচুর করে ছাত্র-জনতা। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

|undefined

মূলত, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল রাত ৮টায় শাহবাগ থেকে শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সন্ধ্যার পর সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং নানা স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করে।

পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলা হয়। দ্বিতীয় তলার একাংশে দেয়া হয় আগুন। রাত সাড়ে ১১টার দিকে বুলডোজার দিয়ে শুরু হয় ভবন ভাঙার কাজ।

|undefined

একপর্যায়ে রাত ১টার দিকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি সুধাসদনে ক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

এছাড়া জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স আজ রাত ৯টায় 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির ঘোষণা দেয়।


এসএস