Recent event

কাজ দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে: প্রধান বিচারপতি

1

বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ (শনিবার, ১৩ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত দানবীয় রনদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘চার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে।’ বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা ও চিহ্নিত সন্ত্রাসীদের জামিনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এমন মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘এই পরিবারের সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সাথে শামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।’

এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অনার প্রদান করা হয়। পরে রনদা সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।

এএইচ