রাজশাহীতে বাড়তি সব ধরনের সবজির দাম

সবজির বাজার
সবজির বাজার | ছবি: সংগৃহীত
0

কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এখন প্রতি কেজি সবজি বিক্রি করা হচ্ছে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে। মূলত টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় এবং জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এসব সবজির দাম বেড়েছে।

নগরীর মাস্টার পাড়া, খড়খড়ি পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা বাজারে আরও বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।

গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে আলু, কাঁকরোল, টমেটো, চিচিঙ্গা সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা দরে,পটল ৪০ থেকে ৫০ টাকা।

করলা ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে, আর লাউ প্রতি পিছ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে দাম কমেছে বেগুনের। গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হলেও আজ বিক্রি করা হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে জমি থেকে ফসল তোলা যাচ্ছে না, ফলে বাজারে সরবরাহ অনেকটা কম। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় অতিরিক্ত পরিবহন খরচ বাড়ায় দাম বেড়েছে। তবে সরবরাহ বাড়লে দাম স্বাভাবিকভাবে কমবে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, হঠাৎ করে দাম বাড়ায় খানিকটা বিপাকে পড়েছেন তারা, সবজির দাম বেশি হওয়া আগের চেয়ে কম পরিমাণ বাজার করছেন বলেও জানান তারা।

এফএস