দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত মো. সাহাবুদ্দিন রাজধানীর সিদ্ধিকবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রব এবং স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার মাতারবাড়ি গ্রামে।
আদালত সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, মামলার অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নন। নামের মিল থাকায় বিভ্রান্তির সুযোগ তৈরি হলেও, দুজন আলাদা ব্যক্তি।
মামলার নথিতে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে মো. সাহাবুদ্দিনের নামে ১ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অনুসন্ধানে উঠে আসে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করে দুদক।
দুদকের আবেদনে বলা হয়, মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি অভিযুক্ত ব্যক্তি বিক্রি, হস্তান্তর কিংবা অন্য কোনোভাবে গোপন বা বিনষ্ট করার চেষ্টা করতে পারেন। এতে মামলার তদন্ত এবং সম্পদসংক্রান্ত প্রমাণ সংরক্ষণে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে মামলার স্বার্থে অভিযুক্তের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে অভিযুক্ত মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের প্রয়োজনীয় আদেশ দেন।





