মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, আরাফাত
ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, আরাফাত | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এসময় আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রার্থনা জানায় রাষ্ট্রপক্ষ।

এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

আসামিরা সবাই পলাতক। এ বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। গত ২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ ২৮ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এছাড়া, একই ট্রাইব্যুনালে কুমিল্লার লাকসামে গুম ও লক্ষ্মীপুরে ক্রসফায়ারের দুই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।

এএইচ