চাঁদপুরে শিশুধর্ষণ মামলায় ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অরুণ ভু্ইঁয়া
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অরুণ ভু্ইঁয়া | ছবি: এখন টিভি
0

চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভু্ইঁয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

আজ (বুধবার, ২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দেয়ার জন্য যায়। কিছু সময় অতিবাহিত হলে তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই।

আরও পড়ুন:

এই সুযোগে সেখানে আসামি ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদীকে ঘটনাটি জানায়। কারণ ওই দিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন। ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর পিতা মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

সরকারপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, ‘আদালতে মামলাটি চলমান অবস্থায় ছয়জনের স্বাক্ষ্যগ্রহণ করে। মামলার স্বক্ষ্যগ্রহণে আসামি তার অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির উপস্থিতিতে বিচারক এই রায় দেন।’

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।

এসএস