মানবতাবিরোধী অপরাধ মামলায় কামরুল ইসলাম ও মেননের বিরুদ্ধে শুনানি আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

চব্বিশের জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ (সোমবার, ২ মার্চ)। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হবে।

দুই আসামির বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ দুটি অভিযোগ আনা হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে এ ট্রাইব্যুনালেই, আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনাকর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে।

আরও পড়ুন:

এছাড়াও রয়েছে আরও তিনটি মামলার বিচারকাজ। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-তে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেয়া হবে; দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিবেন জুলাই যোদ্ধা মাহিন সরকার। এছাড়াও এ ট্রাইব্যুনালে আরও একটি মামলার কার্যক্রম হবার কথা রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাসহ মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ইএ