Recent event

আশুলিয়া মরদেহ পোড়ানো মামলা: সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য (ঢাকা-১৯) মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড ও আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় দেয়া হয়। প্যানেলের অন্য দুই সদস্যরা হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এরই সঙ্গে সাইফুল ইসলামের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা দেয়া হয়েছে। আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস এবং ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেনসহ সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে মামলায় খালাস পেয়েছেন রাজসাক্ষী পুলিশের সাবেক উপ-পরিদর্শক আবজালুল হক।

আরও পড়ুন:

এর আগে, গত ১ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এ মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। এই মামলায় গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

এছাড়া পলাতক আট আসামি হলেন- ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া।

গত ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৃতীয় রায়। রায় ঘোষণার প্রক্রিয়াটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

এএম