Recent event

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে সব দলকে: হাইকোর্টের রায়

হাইকোর্ট ও নির্বাচন ভবন
হাইকোর্ট ও নির্বাচন ভবন | ছবি: সংগৃহীত
2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এসময় হাইকোর্ট বলেন, যেহেতু তফসিল হবে তাই আগেই রায় দিলেন তারা। এ রায়ের ফলে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত এমন বিধানের বৈধতা নিয়ে করা রিটটি খারিজ হয়ে গেলো।

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে আনা রিটের শুনানি নিয়ে গেলো ১ ডিসেম্বর ১০ দিনের রুল জারি করেন হাইকোর্ট। এ রুলে বিএনপি, জামায়াতসহ শীর্ষ সব রাজনৈতিক দল পক্ষভুক্ত হয়।

আরও পড়ুন:

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান এ রিটে স্থগিত চাওয়া হয়।

সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এ অধ্যাদেশ জারি করা হয়। সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না।

এসএস