২২ হস্তশিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা

কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা
কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা | ছবি: এখন টিভি
1

কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় ওয়াল্টন, বিডিজবস.কম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্পের মোট ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ‘ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি’—এই মূলমন্ত্র নিয়ে আজ (সোমবার, ২২ জুন) শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থা বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে ‘অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও উন্নয়ন (রেইজ)’ প্রকল্পের অধীনে এ মেলার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রুহি দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহার উদ্দিন। তিনি সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক ও রেইজের উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী এবং কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলাম।

মো. আজহার উদ্দিন বলেন, ‘রেইজ প্রকল্পের মতো কর্মসংস্থানমুখী উদ্যোগগুলো যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষানবিশি কর্মসূচিগুলো, বিশেষ করে প্রযুক্তি-চালিত খাতগুলোতে, তরুণদের জাতীয় অর্থনীতিতে আরও কার্যকরভাবে অবদান রাখতে সাহায্য করছে।’

বাস্তব সংস্থার প্রধান নির্বাহী রুহি দাস বলেন, ‘রেইজ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে বাস্তব সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপিত হচ্ছে, যা বেকারত্ব হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।’

সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফ রেইজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. জহিরুল ইসলাম; কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলাম; সহ. প্রধান নির্বাহী রঞ্জিত চন্দ্র দাস; হেড অব অডিট রুস্তম আলী মোল্লা; কোর্ডিনেটর রেইজ প্রজেক্ট মো. রেজওয়ান ইসলাম এবং বাস্তব সংস্থা ও প্রকল্পের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ মেলায় মোট ৩৪২ জন চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রাথমিকভাবে ১৩২ জন প্রার্থী চাকরির জন্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে ৭৩ জন ছেলে ও ৫৯ জন মেয়েকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এসএইচ