আগামী বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এই আসরে ইরান ‘জি’ গ্রুপে খেলছে। সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন নিউজিল্যান্ড ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে এবং ২৬ জুন মিশরের বিপক্ষে সিয়াটলে মাঠে নামার কথা রয়েছে ইরানিদের।
ইরানি ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইতোমধ্যে সমর্থকদের কাছে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল, কিন্তু এখন আর তা দেয়া সম্ভব হচ্ছে না। বিবৃতিতে বলা হয়, ‘অফিসিয়ালি ঘোষিত প্রক্রিয়ার ওপর ভরসা করে অনেক ইরানি সমর্থক খেলা দেখার সব প্রস্তুতি নিয়েছিলেন। সমর্থকদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল স্পিরিট ও সমঅধিকারের নীতির পরিপন্থি।’ এফএফআইআরআই আরও অভিযোগ করেছে যে, বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে অ-খেলোয়াড়ি ও রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে, যা অনেক বড় প্রশ্ন তৈরি করেছে।
ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দেশ তাদের প্রতিটি ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ পায়, যা তারা নিজস্ব মানদণ্ড অনুযায়ী সমর্থকদের মাঝে বণ্টন করে। ইরান এই টিকিটগুলো কেন বা কার নির্দেশে হারালো, সে বিষয়ে ফেডারেশন সুনির্দিষ্ট করে কিছু বলেনি। তবে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ‘নিরপেক্ষতা, স্বচ্ছতা ও প্রতিষ্ঠিত নীতিমালা’ মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা দাবি করেছে, মাঠের বাইরের কোনো রাজনীতি যেন এই টুর্নামেন্টের ওপর ছায়া না ফেলে। এই বিষয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর থেকেই বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিল। নিরাপত্তার খাতিরে এবং যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে জটিলতা থাকায় ইরানি দল তাদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোতে নিয়ে যায়। দীর্ঘ টানাপোড়েনের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সব খেলোয়াড়কে ভিসা দিলেও কারিগরি দলের বেশ কিছু সদস্য এখনো ভিসা পাননি।
অবশ্য এক মার্কিন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় সব ভিসা তারা ইস্যু করেছেন। এদিকে ফিফা জানিয়েছে, তাদের মহাসচিব ম্যাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানি ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের সঙ্গে একটি ‘ইতিবাচক আলোচনা’ করেছেন। তিনি বলেন, ইরান দল মেক্সিকোতে পৌঁছানোর পর ফিফা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে দলটির বিশ্বকাপ অভিজ্ঞতা আনন্দদায়ক হয়।





