বাড়িওয়ালার হয়রানি বন্ধে ভাড়াটিয়াদের আন্দোলনে সপ্তাহব্যাপী উত্তাল স্পেন

তাঁবু টানিয়ে আন্দালন করছেন ভাড়াটিয়ারা
তাঁবু টানিয়ে আন্দালন করছেন ভাড়াটিয়ারা | ছবি: সংগৃহীত
0

বাড়িওয়ালাদের হয়রানি বন্ধে জোরালো আইন প্রণয়ন, আকস্মিক উচ্ছেদ চিরতরে বন্ধ ও ক্রমবর্ধমান বাড়িভাড়া নিয়ন্ত্রণের দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলনে উত্তাল স্পেন। এরইমধ্যে সরকার সংকট সমাধানে দু’টি নির্বাহী আদেশ অনুমোদন দিলেও, তা যথেষ্ট নয় দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভাড়াটিয়ারা। এদিকে সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের ক্যাম্পে সামরিক বাহিনী নির্যাতন চালাচ্ছে কি না তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে স্পেন সরকার।

সম্প্রতি মাদ্রিদের একটি ভাড়া বাসা থেকে মারিয়া দেল নামে ৮৭ বছরের এক বৃদ্ধাকে জোরপূর্বক উচ্ছেদ করে মালিক কর্তৃপক্ষ। স্ট্রেচারের করে নারীকে জোরপূর্বক উচ্ছেদের সেই দৃশ্য স্ফুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ক্ষোভে ফেঁটে পড়েন স্প্যানিশরা। মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে শুরু হয় আন্দোলন।

নাগরিকদের আন্দোলনের মুখে আবাসন সংকট নিরসনে মঙ্গলবার দু’টি নির্বাহী আদেশ অনুমোদন করে মন্ত্রিসভা। প্রস্তাবিত নীতিমালায় ২০৩০ সাল পর্যন্ত সাধারণ ভাড়াটিয়াদের বাড়ি থেকে উচ্ছেদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশাপাশি ২০২৮ সাল পর্যন্ত বর্তমান ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগ রাখা হয়েছে। তবে এগুলো কার্যকর হবে কি না তা নির্ভর করছে স্পেনের সংসদের নিম্নকক্ষের ওপর।

স্পেন সরকারের ধারণা ছিল, তাদের আশ্বাসে রাজপথ ছেড়ে ঘরে ফিরবে সাধারণ মানুষ। কিন্তু উল্টো আবাসন সংকটের স্থায়ী সমাধান চেয়ে রাস্তাতেই অস্থায়ী তাঁবু টানিয়ে প্রতিবাদ করছেন বিক্ষুব্ধরা।

আরও পড়ুন:

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘আমরা আশা করি পরিবর্তন আসবে। এরইমধ্যে সরকার সমস্যা সমাধানে সাড়া দিয়েছে। কিন্তু এটি যথেষ্ট নয়।’

অন্য একজন বলেন, ‘তারা একটি দুর্বল অধ্যাদেশে স্বাক্ষর করেছে যা আমাদের কোনো দাবিই পূরণ করে না। একারণেই আমরা তাঁবুতে আশ্রয় নিয়েছি। আর সরকার স্পষ্ট বলতে চাই, শুধু একটি স্বাক্ষর বা আদেশের মাধ্যমে এই আন্দোলন শেষ হবে না। আন্দোলনটি আমাদের সুন্দর ভবিষ্যৎ ও বাসস্থান নিশ্চিতের। আমাদের মর্যাদা প্রতিষ্ঠার।’

সরকার দাবি না মানলে সামনের দিনগুলোর আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। স্পেনে আবাসন সংকট ও বাড়িওয়ালাদের দৌরাত্ম্যের ঘটনা নতুন নয়। এ কারণে আন্দোলনকারীরা ভাড়াটিয়াদের সুরক্ষায় জোরালো আইন প্রণয়ন, অন্যায্য ও আকস্মিক উচ্ছেদ চিরতরে বন্ধ ও ক্রমবর্ধমান বাড়িভাড়া নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে।

এদিকে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতার অভিবাসনপ্রত্যাশীদের ক্যাম্পে সামরিক বাহিনী নির্যাতন চালাচ্ছে- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন প্রতিবেদনে নড়েচড়ে বসেছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সত্যিই এমন ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে স্পেন সরকার।

জুলাইয়ের মরক্কো থেকে সমুদ্র পাড়ি দিয়ে ৭২ হাজারেরও বেশি মানুষ সেউতায় পাড়ি জমায়। পরে তাদের অনেককে মরোক্কোতে ফেরত পাঠানো গেলেও, এখনও অন্তত ১০ হাজার অভিবাসনপ্রত্যাশী স্পেনের মাইগ্রেন্টস ক্যাম্পগুলোতে অবস্থান করছে।

এসএস