ফ্রান্সের নাগরিক স্টেফেইন: বিরল সব মডেলের গাড়ি কেনাই যার নেশা

স্টেফেইন সেরকেইরা গাড়ির বহর
স্টেফেইন সেরকেইরা গাড়ির বহর | ছবি: এখন টিভি
0

স্টেফেইন সেরকেইরা-ফ্রান্সের সবচেয়ে উন্মাদ গাড়ির প্রেমিক। যার কাজই হচ্ছে গাড়ি সংগ্রহে রাখা। পৃথিবীর কোথায় কোনো বিরল গাড়ি আছে তার সন্ধানে সে প্রতিদিনই ব্যস্ত। আছে ১৫ সদস্যের একটি টিমও। মাত্র ১৬ বছর বয়সে জীবনের প্রথম গাড়ি উপহার পান তিনি। এরপর কিশোর স্টেফেইনের নেশাই হয় গাড়ি সংগ্রহের, রাখার। আর এখন ৫৪ বছর বয়সী স্টেফেইনের কাছে আছে হরেক রকমের গাড়ি ও মোটর সাইকেল। এ যেন অনন্য ও ঐতিহাসিক গাড়ির জগৎ।

স্টেফেইন সেরকেইরা। বয়স যখন মাত্র ষোলো, বুক তখন স্বপ্নে ভরা। একদিন প্রিয় বন্ধুর কাছ থেকে পেলেন এক উপহার। সেটা ছিলো তার জীবনের প্রথম গাড়ি- পিউজো ২০৩। সেদিন হয়তো স্টেফান জানতোও না, এই উপহারটাই একদিন তাকে নিয়ে যাবে এক অন্য জগতে।

চল্লিশ বছর কেটে গেছে। স্টেফেইনের বয়স এখন চুয়ান্ন। আজকের এই মানুষটির হাতের মুঠোয় নানা ধরনের গাড়ির চাবি। তার সংগ্রহশালায় রয়েছে পাঁচশো তিরিশটি গাড়ি আর দুশোরও বেশি মোটরসাইকেল। ফেরারি ৩০৮ ভেট্রোরেসিনার মতো বিরল মডেল, এছাড়া সিট্রোয়েন ২সিভিসহ অনন্য ও ঐতিহাসিক গাড়ি রয়েছে তার সংগ্রহে।

আরও পড়ুন

স্টেফেইন সেরকেইরা বলেন, ‘আমাকে প্রতিদিনই গাড়ি কিনতে হয়, না হলে আমি রাতে ঘুমাতে পারি না। যখন আমি রাতে চোখ বন্ধ রাখি তখনও আমি গাড়ি নিয়ে চিন্তা করি। ‘

প্রতিটি গাড়ির গায়ে লেগে আছে সময়ের পরশ। কোনোটির সঙ্গে জড়িয়ে আছে কোনো বিখ্যাত পরিবারের ইতিহাস, যেমন ১৯৩৮ সালের ক্যাডিলাক সিরিজ সেভেনটি একসময় ছিল কেনেডি পরিবারের। আবার কোনো গাড়ি বিখ্যাত সিনেমার পর্দায়ও দেখা গিয়েছিল।

স্টেফান কিন্তু বসে থাকার মানুষ নন। প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা শুধু খোঁজেন কোথায় কোথায় কোন বিরল গাড়ির সংগ্রহ আছে। এ জন্য ১৫ সদস্যের একটি টিমও আছে তার। ব্যক্তিগত সংগ্রহশালা, অনলাইন বাজারসহ এমনকি ভারত-যুক্তরাষ্ট্র চষেও বেড়িয়েছেন তিনি। মাত্র বিরল গাড়ির খোঁজে।

স্টেফানের সংগ্রহকে অনেকেই শুধু বিলাসের প্রতীক বলেও মনে করতে পারেন। কিন্তু সেখানে গেলে বোঝা যাবে-এখানে এক একটি গাড়ি হচ্ছে ইতিহাসের নথি।

জেআর