মঞ্চে তামিল আইকন বিজয় থালাপতি। যদিও মেগাস্টার হিসেবে নন, আজ তিনি মঞ্চে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে। পাশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ শীর্ষস্থানীয় নেতৃত্ব। এত হেভিওয়েট ব্যক্তিত্বদের ছাপিয়ে ভিডিওগ্রাফারের চোখ খুঁজে বের করলো দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে। যার সঙ্গে চলছে থালাপতি বিজয়ের বিয়ের গুঞ্জন।
নয়া মুখ্যমন্ত্রী থালাপতির শপথগ্রহণ উপলক্ষে আজ (রোববার, ১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে উপস্থিত হন তৃষা কৃষ্ণান। আকাশী শাড়ি আর খোঁপায় ফুল- তৃষার সাবেকী সাজ নজর কেড়েছে সবার। এসময় থালাপতির ভক্ত সমর্থকদের হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন দক্ষিণী এ অভিনেত্রী। যদিও সেখানে ছিলেন না বিজয়ের স্ত্রী সংগীতা।
থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণান তামিল সিনেমার অন্যতম আইকনিক জুটি। লিও, ঘিল্লি, থিরুপাচি, আথি, কুরুভি'র মতো বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তারা। এতটাই জনপ্রিয় যে দক্ষিণ ভারতের দর্শকরা তাদের রিয়েল লাইফ কেমেস্ট্রি দেখার জন্য মুখিয়ে আছেন।
আরও পড়ুন
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের ভূমিধস জয়ের মাঝে তৃষা কৃষ্ণানের সঙ্গে থালাপতির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের মার্চে একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পরও একই জল্পনা শুরু হয়।
গুঞ্জন রয়েছে, স্ত্রী সংগীতাকে ডিভোর্স দেয়ার কথা ভাবছেন থালাপতি বিজয়ও। ২৬ বছরের দাম্পত্য জীবনের পর বিশ্বাসঘাতকতা, মানসিক যন্ত্রণা এবং অবহেলার অভিযোগ এনে গেল ফেব্রুয়ারিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন থালাপতির স্ত্রী সংগীতা। এর জেরে আদালত থালাপতিকে তলব করে, কিন্তু আবেদনটির এখনও নিষ্পত্তি হয়নি। তাই আইনত এখনই কাউকে বিয়ে করতে পারছেন না থালাপতি।
এক কথোপকথনে বিজয়ের জীবনে অন্য এক নারীর অস্তিত্বের কথা স্বীকার করেছিলেন সংগীতাও। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, সম্পত্তি ভাগাভাগি ও সন্তানের হেফাজত নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন থালাপতি ও তার স্ত্রী। সংগীতা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার পর থালাপতি ও তৃষার একসঙ্গে উপস্থিতি- বিশেষ সম্পর্কের একটি স্পষ্ট ইঙ্গিত ছিলো বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।
আরও জানা গেছে, সংগীতাকে ভরণপোষণ হিসেবে ২৫০ কোটি রুপি দিতে পারেন বিজয় এবং সম্পূর্ণ দায়িত্ব নিতে পারেন সন্তানদের লালন-পালনেরও।
১৯৯৬ সালে প্রেম ও ১৯৯৯ সালে বিয়ে করেন বিজয় থালাপতি ও সংগীতা। ১৯৯৮ সালে ইংল্যান্ডে রেজিস্ট্রি করেন। সংগীতা তামিল সনাতন পরিবার থেকে এলেও বিজয়ের বাবা খ্রিষ্ট এবং মা সনাতন ধর্মাবলম্বী। বিয়ের প্রায় এক বছর পর তাদের ছেলে জেসন সঞ্জয়ের জন্ম। এ দম্পতির দ্বিতীয় সন্তান মেয়ে দিব্যা সাশর জন্ম হয় ২০০৫ সালে। অভিনেতার দুই সন্তানই চলচ্চিত্রে অভিনয় করেছেন।





