নেপালের নির্বাচনে তরুণদের জোয়ার, পুরোনোদের ভরাডুবি

বালেন্দ্র শাহ
বালেন্দ্র শাহ | ছবি: সংগৃহীত
0

গণঅভ্যুত্থান পরবর্তী নেপালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তরুণ র‌্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। আর মাত্র ১৫ আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আরেক তরুণ নেতা গগন থাপার দল নেপালি কংগ্রেস পার্টি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির দলসহ বাকি সব দলেরও ভরাডুবি হয়েছে। শীর্ষ নেতারা দুর্নীতিগ্রস্ত হওয়ায় পুরোনো রাজনৈতিক দলে ভোটাররা এবার ভরসা রাখেননি বলে মনে করছেন বিশ্লেষকরা।

গণঅভ্যুত্থানে পরবর্তী নির্বাচনে দাঁড়িয়ে আরও একবার ভরাডুবি হলো নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে-পি শর্মা ওলির। তার ঘাটি হিসেবে পরিচিত ঝাপা-৫ আসনে বিজয়ের হাঁসি হাসলেন র‌্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া তরুণ নেতা বালেন্দ্র শাহ।

কে-পি শর্মা ওলিকে বিপুল ভোটে হারিয়ে জয় নিশ্চিতের পর উল্লাসে ফেটে পরেন বালেন্দ্র শাহ ও তার নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি-আরএসপি’র সমর্থকরা।

এর মধ্য দিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ৩৫ বছর বয়সী তরুণ এই নেতা। এছাড়া চিতওয়ান নির্বাচনি এলাকা-২ থেকে সভাপতি রবি লামিছানেসহ শতাধিক আসনে জয় পেয়েছে আরএসপি। বলা যায় ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠনের পথে নেপালের রাজনীতিতে নতুন এই দল।

আরও পড়ুন:

পুরোনো রাজনৈতিক দলগুলোর দুর্নীতি এবং সুশাসনের অভাবে নেপাল স্বাধীন জাতি হয়েও পিছিয়ে আছে; তাই নতুন দল হওয়া সত্ত্বেও বালেন্দ্র শাহ’র দল আরএসপিতে ভরসা রেখেছেন ভোটাররা, এমনটাই মত বিশ্লেষকদের।

আইন ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক বিপিন অধিকারী বলেন, ‘দুর্নীতি এবং সুশাসনের অভাবে স্বাধীন জাতি হয়েও দেশটির অবনতি হচ্ছে। এ অবস্থায় আরএসপি নতুন দল হয়েও জনগণের মনে আশা জাগাতে সক্ষম হয়েছে। তারা জানে এখানকার সমস্যাগুলো কী এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তাদের সু-নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে।’

ভোটের লড়াইয়ে মাত্র ১৫টির বেশি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে আরেক তরুণ নেতা গগন থাপার দল নেপালি কংগ্রেস পার্টি। তৃতীয় অবস্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল। নেপালি কমিউনিস্ট পার্টিসহ বাকি দলগুলোরও ভরাডুবি অবস্থা।

নেপাল সংসদের নিম্নকক্ষের ২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি আসনে সরাসরি নির্বাচন হয়। সবগুলোর ফলাফল ঘোষণার পর জয়ের আনুপাতিক হারে বাকি ১১০ আসনের প্রতিনিধিত্ব নির্ধারণি করা হবে। এখনও চলছে ভোট গণনা।

এসএস