ইরানে ফিরতেই কারাদণ্ড চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির; বাজেয়াপ্ত হচ্ছে সব সম্পদ

আবিদ মঈন
কান চলচ্চিত্র উৎসবে ইরানি নির্মাতা জাফর পানাহি
কান চলচ্চিত্র উৎসবে ইরানি নির্মাতা জাফর পানাহি | ছবি: এপি
0

ইরানে ফেরার কয়েক মাসের মাথায় দেশটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তেহরানের একটি আদালত তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার প্রেক্ষাপটে গত মার্চে তিনি নিজ দেশে ফিরে এসেছিলেন। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় একটি সংস্কারবাদী সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পানাহির আইনজীবী মোস্তফা নিলি আদালতের এই রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ না করলেও অতীতে পানাহির বিরুদ্ধে শাসনব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সাজা হয়েছিল।

ইউরোপভিত্তিক ইরানি অধিকারকর্মী ও পানাহির ঘনিষ্ঠ বন্ধু হোসেইন রাজাক বার্তা সংস্থা এপিকে জানান, সোমবার এই সাজা ঘোষণা করা হয়। তবে রায়ের পরও পানাহিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এই সাজার বিরুদ্ধে দেশটির উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে, তবে আদালতের আদেশে ইতোমধ্যে এই নির্মাতার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পানাহি ইরানের নেতৃত্বের কড়া সমালোচনা করেছিলেন এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছিলেন। সমকালীন ইরানি চলচ্চিত্রের অন্যতম শীর্ষ এই ব্যক্তিত্ব গত দুই দশক ধরে বারবার কারাদণ্ড, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গৃহবন্দী থাকার মতো নিপীড়নের শিকার হয়েছেন।

এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দেশে থেকে চলচ্চিত্র নির্মাণ থামাননি। ২০২৩ সালে টানা সাত মাস কারাগারে থাকার পর অনশনের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন তিনি। পরবর্তীতে দেশে অত্যন্ত গোপনে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ নামের একটি চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেন এই সাহসী নির্মাতা।

এএম