উইচিটা পুলিশ বিভাগের ক্যাপ্টেন অ্যারন মোসেস এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে ছয় বছর বয়সী এক ছেলেশিশু এবং ৩৫ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। আহত ব্যক্তিদের ক্ষতের মাত্রা সাধারণ থেকে গুরুতর হলেও কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মোসেস জানান, পিকআপ ভ্যানটির চালক ছিলেন ৩৪ বছর বয়সী এক নারী। গাড়িটি খেলার মাঠের ওপর দিয়ে চলে যায় এবং স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সের পশ্চিম প্রান্তের একটি খোলা জায়গায় গিয়ে থামে। ঘটনার সময় গাড়িটিতে দুজন অপ্রাপ্তবয়স্ক আরোহী ছিল। চালক নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তিনি তদন্তকারীদের সহযোগিতা করছেন। তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি।
উইচিটা পুলিশপ্রধান জো সুলিভান বলেন, ‘সেখানে কী ঘটেছে তা আমরা জেনেছি। তবে এটি কেন ঘটল, তা উদ্ঘাটনে আমরা জোর চেষ্টা চালাচ্ছি। এখনও আমরা চূড়ান্ত কোনো উপসংহারে পৌঁছাতে পারিনি।’
পুলিশের তথ্য অনুযায়ী, আহত ১০ জনের মধ্যে পাঁচ বছর বয়সী দুজন, আট বছর বয়সী দুজন ও নয় বছর বয়সী এক শিশুসহ পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এছাড়া আঘাতজনিত কারণ ছাড়া অন্য শারীরিক অসুস্থতার কারণে আরও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাপ্টেন অ্যারন মোসেস আরও জানান, অভিযুক্ত নারী চালকের এক সন্তানও স্পোর্টস কমপ্লেক্সটিতে ফুটবল খেলছিল, তবে যে মাঠে দুর্ঘটনা ঘটেছে সেখানে সে খেলছিল না। জরুরি নিয়ন্ত্রণকক্ষে স্থানীয় সময় বেলা ৩টা ২৫ মিনিটে এ দুর্ঘটনার খবর পৌঁছায়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে উইচিটার মেয়র লিলি উ বলেন, ‘আজকের দিনটি উইচিটার জন্য অত্যন্ত হৃদয়বিদারক। শনিবারের বিকেলে সন্তান ও পরিবারের সদস্যদের ফুটবল খেলা উপভোগ করতে অনেকে স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এসেছিলেন। এমন এক মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।’





