শুক্রবার পশ্চিম তীরের আবু ফালাহ গ্রামে ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে ছিলেন হাইডি লেভাইন। ওয়াশিংটন পোস্টের হয়ে কাজ করার সময় হঠাৎ কয়েক ডজন মুখোশধারী ইসরাইলি বসতি স্থাপনকারী লাঠিসোঁটা নিয়ে তাদের দিকে তেড়ে আসে ও পাথর ছুড়তে থাকে।
হামলার বিবরণ দিয়ে এক ভিডিও বার্তায় লেভাইন বলেন, ‘আমার কাছে ক্যামেরা ব্যাগ ও পাসপোর্টসহ ছোট ব্যাগ ছিল। গলায় ঝোলানো ফোন ও ক্যামেরা তারা ভেঙে ফেলে, ব্যাগ ছিঁড়ে নেয় এবং মাটিতে ফেলে ক্রমাগত লাথি মারতে থাকে।’ প্রায় ১০ মিনিট ধরে চলা এই তাণ্ডব প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো বাবা-মা কীভাবে এমন দানব গড়ে তুলতে পারে, তা আমার জানা নেই। এরা মানুষ নয়, ইহুদি সন্ত্রাসী। দুঃখজনক হলেও সত্য, এদের কারও কোনো বিচার হবে না। এ বিষয়ে আমি নিশ্চিত।’
ওয়াশিংটন পোস্ট এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় হাইডি লেভাইনের গায়ে সাংবাদিক পরিচয়বাহী স্পষ্ট পোশাক ও চিহ্ন ছিল। সংবাদমাধ্যমটি বলে, ‘দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের ওপর এমন অনাকাঙ্ক্ষিত হামলায় আমরা ক্ষুব্ধ। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ দাবি করছি।’
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ওই ঘটনায় বসতি স্থাপনকারীদের মারধরে আহত ৬৩ বছর বয়সী এক নারী ও ৪০ বছর বয়সী এক পুরুষকেও চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে ফিলিস্তিনিদের একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। প্রতিবছর জলপাই তোলার মৌসুমে পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর এমন হামলার ঘটনা নিয়মিত ঘটছে।
সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক সংগঠন ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক নাগরিক ও সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরাইল পুলিশ ও ইসরাইলি সেনাবাহিনী ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে।
প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রধান মুস্তফা বারঘুতি বলেন, কৃষকেরা জলপাই সংগ্রহের প্রস্তুতি নেয়ার সময় আবু ফালাহ গ্রামে সন্ত্রাসী বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালায়। তারা জলপাই গাছে আগুন দেয় এবং পাথর ও তাজা গুলি ছুড়ে চরম আতঙ্ক সৃষ্টি করে।





 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)