সীমান্তে বাড়ছে রুশ হামলার হুমকি, স্নায়ুযুদ্ধের সময়কার শেল্টার চালু করলো পোল্যান্ড

সংস্কার করা আশ্রয়কেন্দ্রের ভেতরে ব্যবস্থাপকের কার্যালয় ও স্নায়ুযুদ্ধের সময়কার মানচিত্র
সংস্কার করা আশ্রয়কেন্দ্রের ভেতরে ব্যবস্থাপকের কার্যালয় ও স্নায়ুযুদ্ধের সময়কার মানচিত্র | ছবি: রয়টার্স
0

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে পোল্যান্ডের পূর্ব সীমান্ত লাগোয়া লুবলিন শহরে স্নায়ুযুদ্ধের আমলের একটি পুরোনো বিমান হামলা প্রতিরোধী ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র (এয়ার রেইড শেল্টার) পুনরায় চালু করা হয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় এবার কৌশলগত এক পরিবর্তন আনা হয়েছে শেল্টারটির জরুরি বহির্গমন পথটি পূর্ব দিকের বদলে পশ্চিমমুখী করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এককালের সোভিয়েত ব্লকের সদস্য এবং বর্তমান ন্যাটো জোটভুক্ত পোল্যান্ডের আকাশসীমায় সম্প্রতি বেশ কয়েকবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। এর ফলে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলার সময়ে পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় নাগরিকদের জন্য ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নিয়মিত জরুরি সতর্কতা জারি করতে হচ্ছে।

সম্প্রতি এমন একটি এয়ার রেইড সাইরেন সতর্কতার সময় লুবলিন শহরের বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান এমপিকের প্রাঙ্গণের নিচে অবস্থিত কেন্দ্রটি চালু করা হয়। আশির দশকের মাঝামাঝি সময়ে তৈরি এই আশ্রয়কেন্দ্রটিকে অত্যাধুনিক প্রযুক্তিতে সংস্কার করা হয়েছে। এটি বাইরের বিদ্যুৎ ও সরবরাহ সংযোগ ছাড়াই ২০০ জন মানুষকে অন্তত ৭২ ঘণ্টা পর্যন্ত বাতাস, সুপেয় পানি ও বিদ্যুৎ সুবিধা প্রদান করতে সক্ষম।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা পোল্যান্ড সীমান্তের একেবারে কাছাকাছি চলে এসেছে। তিনি এক মন্ত্রিসভা বৈঠকে বলেন, ‘সীমান্তের কাছে প্রতিনিয়ত রুশ হামলা চলায় আমাদের বাধ্য হয়ে রাতদিন নিজেদের সামরিক যুদ্ধবিমান আকাশে পাঠাতে হচ্ছে। পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

পোল্যান্ড সরকার জানিয়েছে, দেশটিতে বর্তমানে অন্তত ২ হাজার অত্যাধুনিক আশ্রয়কেন্দ্র রয়েছে, যা প্রায় তিন লাখ মানুষের পূর্ণ নিরাপত্তা দিতে পারে। এ ছাড়া সাধারণ বেজমেন্ট ও সাবওয়ে স্টেশনের মতো আরও ৮৬ হাজার কম নিরাপত্তার স্থান রয়েছে।

এএম