মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত মে মাসে ইরেগুলার নামের একটি প্রতিষ্ঠানের আয়োজিত নিরাপত্তা পরীক্ষার সময় এই ঘটনা ঘটে। পরীক্ষার সময় জেমিনি মডেলকে একটি কাল্পনিক প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের কাজ দিতে হয়। কিন্তু মডেলটি ইন্টারনেটে অপ্রয়োজনীয় অ্যাক্সেস পেয়ে যায় এবং প্রথম ঘটনায় একটি আসল প্রতিষ্ঠানের সেবাতে প্রবেশ করতে সক্ষম হয় পাসওয়ার্ড অনুমান করে।
গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট হিথার অ্যাডকিন্স আল জাজিরার জন হেনড্রেনকে জানান, ‘অন্যান্য ক্ষেত্রে মডেলটি ইন্টারনেটে প্রকাশিত তথ্য খুঁজে পাসওয়ার্ড অনুমান করে এমন ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে, যা সে পরীক্ষার অংশ ভেবেছিল।’
গুগল জানিয়েছে, এই ঘটনা ৩ বার ঘটেছে এবং প্রতিবারই মডেলটি কাজ সম্পন্ন করার আগেই থেমে যায়। ইরেগুলার প্রতিষ্ঠান গত জুলাইয়ের শেষে গুগলকে এই হ্যাকের বিষয়ে জানান। গুগলের দাবি, এটি মডেলের কোনো মিসঅ্যালাইনমেন্ট নয় এবং জেমিনির নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কাজ করেছে বলে এ বিষয় আগেই প্রকাশের প্রয়োজন দেখেনি তারা।
এর আগে মেটা, অ্যানথ্রপিক ও ওপেনএআই ইরেগুলারের সঙ্গে যুক্ত এমনই ঘটনা প্রকাশ করেছিল। তবে জেমিনির সঙ্গে মূল পার্থক্য হলো, অ্যানথ্রপিকের ক্লড মডেল আসল প্রতিষ্ঠানে প্রবেশের বিষয়টি বুঝেও থেমে যায়নি। ওপেনএআইও আগে জানিয়েছিল তাদের মডেল নিরাপত্তা পরীক্ষার সময় ইন্টারনেটে অপ্রয়োজনীয় অ্যাক্সেস নিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে গত সপ্তাহে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও অ্যামোদি এআই প্রযুক্তির বিকাশে গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এআই শীঘ্রই মানবজাতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এই আহ্বানে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। অন্যদিকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই বিকাশে কোনো বাধা দেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। তার উদ্বেগ হলো চীনের কাছে এআই খাতের অগ্রগতি হারানো।





