ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়; বিচারকদের ওপর খেপলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

ডাকযোগে ভোট গ্রহণ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকরের আবেদন নাকচ করায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ডাক বিভাগকে (ইউএস পোস্টাল সার্ভিস) ডাকযোগে আসা ব্যালটের ওপর কড়াকড়ি আরোপের সুযোগ দিতে অস্বীকৃতি জানান আদালত।

আজ (মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর) এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব মনোনীত বিচারকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

৬-৩ রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতার সুপ্রিম কোর্ট তার নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। এর আগেও বৈশ্বিক শুল্ক কাঠামো তৈরি এবং জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার চেষ্টাসহ বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এই সুপ্রিম কোর্টকে চরমপন্থি বামপন্থীরা এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, যা আমেরিকাকে অন্তত ১০০ বছর পেছনে ঠেলে দিয়েছে।’

নিজের মেয়াদে নিয়োগ দেওয়া বিচারকদের নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দায়িত্ব দেওয়ার জন্য আমি যাদের সাক্ষাৎকার নিয়েছিলাম, এরা তারা নয়। এটি এমন এক আদালত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা দেশের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও ক্ষতিকর রায়গুলো দিয়েছে।’ ডাকযোগে ভোটের এই রায়কে রিপাবলিকানদের জন্য একটি ‘বড় পরাজয়’ বলেও অভিহিত করেন ট্রাম্প।

এএম