সৌদি পাইপলাইনে হামলা, দায় সম্ভবত ইরানের দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সিএনএন
0

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে বিমান হামলার নেপথ্যে সম্ভবত ইরান রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির প্রধান এই পাইপলাইনটি হামলার পর বন্ধ হয়ে যায়। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পাইপলাইনে হামলার বিষয়ে ইরানের সংশ্লিষ্টতা নিয়ে জানতে চাইলে ডাবলিনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তারা এটি করেছে, সম্ভবত তারাই এর জন্য দায়ী।’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এ বিষয়ে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে নিজের ‘ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, তারা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা চায় না। ট্রাম্পের ভাষ্যমতে, ‘তারা আমাদের এই সংঘাতে জড়াতে না দেখতেই বেশি পছন্দ করবে এবং তারা অধিকাংশ জাহাজকে যাতায়াত করতে দিচ্ছে।’

আয়ারল্যান্ড সফরকালে দেশটির প্রেসিডেন্ট ক্যাথরিন কনলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প এসব কথা বলেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী মিখেল মার্টিনের সঙ্গেও বৈঠক করেন।

প্রেসিডেন্ট হিসেবে অফিশিয়াল দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ভ্রমণের মিশ্রণে আয়ারল্যান্ড সফর করছেন ট্রাম্প। দেশটির আটলান্টিক উপকূলে ট্রাম্পের নিজস্ব মালিকানাধীন একটি রিসোর্টে চলমান গলফ টুর্নামেন্ট দেখার আগে তিনি ডাবলিনে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য দেন।

এদিকে ট্রাম্পের এই সফরের প্রতিবাদে ডাবলিনে বেশ কিছু বামপন্থী বিরোধী দল, সামরিকতাবিরোধী গোষ্ঠী, ফিলিস্তিনপন্থী সংগঠন ও পরিবেশবাদীরা বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছে।

এএম