মধ্যপ্রাচ্য সংকট: এলএনজি খাতে ঝুঁকি কমায় ফিচের নেতিবাচক তালিকা থেকে বাদ পড়লো কাতার

কাতারএনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন স্থাপনা
কাতারএনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন স্থাপনা | ছবি: রয়টার্স
0

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংস কাতারকে তাদের নেতিবাচক পর্যবেক্ষণ তালিকা (রেটিং ওয়াচ নেগেটিভ) থেকে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে সংস্থাটি দেশটির সার্বভৌম ঋণমান আগের মতো ‘ডাবল এএ’ বহাল রেখেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত শুক্রবার আন্তর্জাতিক এই রেটিং সংস্থা এক ঘোষণায় জানায়, গত মার্চের তুলনায় বর্তমানে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামোগুলোয় সামরিক হামলার ঝুঁকি অনেকটাই কমে এসেছে। তবে অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে গ্যাস রপ্তানি চালুর বিষয়ে এখনো ঝুঁকি থেক যাওয়ায় দেশটিকে ‘নেতিবাচক পূর্বাভাস’ (নেগেটিভ আউটলুক) তালিকায় রাখা হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘চলমান যুদ্ধের কারণে দেশটির ঋণমানের ওপর ঠিক কতটা প্রভাব পড়েছে, তা স্পষ্ট হতে আরও সময় লাগবে।’ বিশ্ববাজারের অন্যতম শীর্ষ গ্যাস রপ্তানিকারক দেশ কাতার বর্তমানে ছয় মাস ধরে চলা যুদ্ধের কারণে তাদের কিছু ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও রপ্তানি সংকটের মুখোমুখি রয়েছে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে এসঅ্যান্ডপি এবং মুডি’স নামের অপর দুই আন্তর্জাতিক রেটিং সংস্থাও কাতারের ভালো ক্রেডিট রেটিং বহাল রেখেছিল। তারা জানিয়েছিল, দেশটির বিপুল পরিমাণ আর্থিক রিজার্ভ ও সঞ্চয় যুদ্ধজনিত অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে একটি বড় ঢাল হিসেবে কাজ করছে।

এএম