নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩২৪ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। ২৬ আগস্টের বন্যার এক সপ্তাহ পর ৩৯ দেশের প্রায় ৫৯০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, দুর্যোগে নিখোঁজ অস্ট্রেলিয়ানদের সংখ্যা ৪৩ থেকে কমে ৩৮ হয়েছে। কারণ গতকাল রাতের মধ্যে আরও ৫ জনকে নিরাপদে পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের বলেন, 'এত বিয়োগান্তক ঘটনার মধ্যেও আমরা কিছু ইতিবাচক খবর পাচ্ছি। আজ আরও পাঁচজন অস্ট্রেলিয়ানকে নিরাপদ বলে নিশ্চিত করা হয়েছে।'
নেপাল টুরিজম বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা জানান, সম্প্রতি অন্তত ৫ জন বিদেশি পর্যটক ইমেইল বা টেলিফোনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সি সি টিভির খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা নেপাল সীমান্তের গিরং পোর্টে দুর্যোগকবলিত এলাকায় যাওয়ার জন্য একটি অস্থায়ী সড়ক তৈরি করেছেন। বন্যায় সীমান্ত অতিক্রমণ কেন্দ্রটি ভেসে যায়। পাহাড়ধসে সড়কটি কাদা ও পাথরে ঢেকে যায়। চীনেও এই দুর্যোগে ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।
২৬ আগস্ট হিমালয়ে একটি হিমবাহ ধসে পড়ার পর এই দুর্যোগ শুরু হয়। এতে উপত্যকাগুলোতে পাথর, বরফ ও গলিত পানি নেমে আসে। তিব্বত ও নেপাল দিয়ে প্রবাহিত নদীগুলোতে পানি দ্রুত বেড়ে যায়। বন্যার পানি ঘরবাড়ি, ভবন, সড়ক ও সেতু ভাসিয়ে নিয়ে যায়।





