কে হচ্ছেন কানাডার টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্টের পরবর্তী এমপিপি-উত্তর মিলবে আগামী বৃহস্পতিবারের ভোটে। ইতোমধ্যে যদিও আগাম ভোটগ্রহণ শেষ হয়েছে। এই আসনে আগে বাংলাদেশের মেয়ে ডলি বেগম ছিলেন দীর্ঘ দিনের নির্বাচিত প্রতিনিধি। প্রাদেশিক রাজনীতি ছেড়ে ফেডারেল নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হওয়ায় শূন্য হয় এই আসন। সেই শূন্য আসনেই এবার মুখোমুখি একাধিক দলের প্রার্থী।
লিবারেল পার্টির আহসানুল হাফিজ, পিসি পার্টির ডা. নুরুল্লাহ তরুণ এবং এনডিপির ফাতিমা শাবান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তবে হাফিজ ও তরুণ দুইজনই বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের মধ্যেই যেকারো জয় পাওয়ার কথা বলছেন কমিউনিটির নেতারা।
বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ স্থানীয় কমিউনিটির কাছে পরিচিত একটি নাম। এর আগে ফেডারেল এমপি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। এবার প্রাদেশিক রাজনীতিতে নতুন করে লড়ছেন তিনি। কমিউনিটির একটি অংশ মনে করছে, স্থানীয় পর্যায়ে তার পরিচিতি এবং কমিউনিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ভোটের মাঠে এগিয়ে রাখতে পারে। তবে শেষ পর্যন্ত জয় পেতে হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শক্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
উপ-নির্বাচনে মূল ভোট ৩ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। তার আগে ২৬, ২৭ ও ২৮ আগস্ট হয় অগ্রিম ভোট। ডলি বেগমের পর এই আসনের নতুন প্রতিনিধি কে হচ্ছেন-তা নিয়ে এখন অপেক্ষা ভোটারদের সিদ্ধান্তের। আর বাংলাদেশি কমিউনিটির ভোট কোন দিকে যায়, সেটিও হতে পারে এবারের নির্বাচনের অন্যতম আলোচিত বিষয়।





