মাদকের সঙ্গে জড়িত কাউকেই প্রশ্রয় নয়— সড়ক প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

কথা বলেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
কথা বলেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ | ছবি: এখন টিভি
0

রাজনৈতিক পরিচয় যাই হোক, মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া নারায়ণগঞ্জে অতীতে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি বলেও জানান তিনি।

আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় অবৈধ অস্ত্র উদ্ধার এবং যেসব অস্ত্রের লাইসেন্স দীর্ঘদিন নবায়ন করা হয়নি, সেগুলোও যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর একটি জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেসব এলাকায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা সীমিত, সেখানে র‍্যাব, বিজিবি, ডিবি ও পুলিশের সমন্বিত অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ করে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। গ্যাস, পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার সমাধানে সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় এসময় জেলার সংসদ সদস্যরাসহ পুলিশ সুপার, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যানবাহন ও সড়ক নিরাপত্তা, শিল্পাঞ্চলের পরিস্থিতি, জননিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

এসএইচ