ওয়াশিংটন-লিংকনকে পেছনে ফেলে নিজেকে সেরা বললেন ট্রাম্প, ইতিহাসবিদদের জরিপে ভিন্ন চিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের পেছনে ফেলে নিজেকে দেশের ইতিহাসের সর্বকালের সেরা হিসেবে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক তালিকায় তিনি আব্রাহাম লিংকন ও জর্জ ওয়াশিংটনের মতো ঐতিহাসিক নেতাদের পেছনে ফেলে নিজেকে শীর্ষস্থানে রেখেছেন। নিউজ ইউকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার ট্রাম্পের নিজস্ব অ্যাকাউন্ট থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সেখানে সাবেক প্রেসিডেন্টদের কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। তালিকার সবচেয়ে ওপরে এককভাবে স্থান পেয়েছেন ট্রাম্প নিজে। আর তার পরের ধাপে রাখা হয়েছে আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, থমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন ও উড্রো উইলসনকে।

অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন ও জিমি কার্টারকে ব্যর্থদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন ট্রাম্প। এই তালিকায় আরও রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ওয়ারেন হার্ডিং ও ইউলিসিস এস গ্রান্ট। এর আগে হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইটেও ওবামাকে মার্কিন ইতিহাসের অন্যতম বিভাজন সৃষ্টিকারী রাজনৈতিক চরিত্র এবং বাইডেনকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়।

ট্রাম্পের পোস্ট করা তালিকাটি মূলত ১৯৪৮ সালে লাইফ সাময়িকীতে প্রকাশিত ইতিহাসবিদ আর্থার এম শ্লেসিঞ্জার সিনিয়রের এক জরিপের আদলে তৈরি। তবে ট্রাম্প সেখানে নিজেকে সবার ওপরে যোগ করেছেন এবং আধুনিক সময়ের ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের ব্যর্থ হিসেবে চিহ্নিত করেছেন। তালিকায় রোনাল্ড রেগান, ডোয়াইট ডি আইজেনহাওয়ার, জন এফ কেনেডি, রিচার্ড নিক্সন, জর্জ এইচ ডব্লিউ বুশ ও জর্জ ডব্লিউ বুশের মতো প্রভাবশালী নেতাদের বাদ রাখা হয়েছে।

ইতিহাসবিদদের মূল্যায়নের সঙ্গে ট্রাম্পের এই তালিকার বড় ধরনের অমিল রয়েছে। ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল গ্রেটনেস প্রজেক্টের জরিপে ইতিহাসবিদরা লিংকনকে শীর্ষ এবং ট্রাম্পকে তালিকার সবার নিচে স্থান দিয়েছিলেন।

তবে রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের অবস্থান বেশ শক্তিশালী। সিএনএনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ রিপাবলিকান ভোটার ট্রাম্পকে সবচেয়ে প্রশংসিত প্রেসিডেন্ট মনে করেন, যেখানে রেগানের পক্ষে সমর্থন ১৮ শতাংশ এবং লিংকনের পক্ষে মাত্র ৮ শতাংশ। এলন ইউনিভার্সিটির আরেকটি জরিপেও ২৯ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে মার্কিন ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হিসেবে মত দিয়েছেন।

এএম