দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পিয়ংইয়ং অঞ্চল থেকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের অভিযোগে এ ধরনের পরীক্ষা অবিলম্বে বন্ধের আহ্বান জানায়।
এর আগে বুধবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা তাদের ১১ দিনব্যাপী উলচি ফ্রিডম শিল্ড যৌথ মহড়ার পরিধি কমিয়ে আনছে। ডোনাল্ড ট্রাম্প সামরিক সংঘাত এড়ানো ও উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতি পুনরারম্ভের লক্ষ্যে পেন্টাগনকে মহড়া কমানোর নির্দেশ দেন। সিদ্ধান্তের ব্যাখ্যায় মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন।
তবে উত্তর কোরীয় নেতার প্রভাবশালী বোন কিম ইয়ো জং ট্রাম্পের এই পদক্ষেপকে গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘মহড়ার স্থায়িত্ব ও আকার কমানো হলেও এর উসকানিমূলক ও আক্রমণাত্মক চরিত্র বদলাবে না।’ তবে কিম ইয়ো জং কড়া ভাষার আক্রমণ এড়িয়ে জানান, তার ভাই ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এখনো ‘চমৎকার’। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এ বছর কিম জং উনের সঙ্গে বৈঠক করার দাবিও তিনি নাকচ করে দেন।





