কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পেনগিরান রাবি’আতুল আদাউইয়াহর আচরণ রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে শোভনীয় নয় বলে বিবেচিত হওয়ায় এই খেতাব বাতিল করা হয়েছে। তার আচরণ রাজতন্ত্রের সুনামও ক্ষুণ্ণ করেছে এবং সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন করেছে।’
৩৩ বছর বয়সী পেনগিরান রাবি’আতুল আদাউইয়াহ ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। প্রিন্স আবদুল মালিক ব্রুনাইয়ের সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘আরটিবি নিউজ’ জানিয়েছে, তার আচরণ সুলতানের প্রতি অসম্মান দেখিয়েছে এবং রাজতন্ত্রের সুনাম নষ্ট করেছে। তবে তার কর্মকাণ্ড সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয়ও রাজকন্যার ‘শোভন নয় এমন আচরণ’ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। রাবি’আতুল আদাউইয়াহ ‘ইয়াং আমাত মুলিয়া পেনগিরান আনাক ইসতেরি’ খেতাব হারিয়েছেন।
পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন, এটিই প্রথমবার নয় যে সুলতান কোনো ব্যক্তির রাজকীয় খেতাব বাতিল করেছেন। ২০০৩ সালে তার দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার খেতাবগুলো কেড়ে নিয়েছিলেন সুলতান। ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিচ্ছেদের পরও একই কাজ করেছিলেন তিনি।
তবে রাবি’আতুল আদাউইয়াহর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি সুলতানের ছেলের স্ত্রী এবং তাই এখনো রাজপরিবারের একজন সদস্য। তাদের বিবাহবিচ্ছেদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
২০১৫ সালে রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স আবদুল মালিকের সঙ্গে বিয়ে হয় রাবি’আতুল আদাউইয়াহর। ওই বিয়ের আয়োজন ১০ দিন ধরে চলেছিল এবং সেখানে হাজার হাজার অতিথি অংশ নিয়েছিলেন।
এই দম্পতির চার সন্তান রয়েছে—১০ বছরের প্রিন্সেস মুথিয়াহ, ৮ বছরের প্রিন্সেস ফাতিয়াহ, ৬ বছরের প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলাহ। তাদের সন্তানদের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রভাব পড়েনি বলে জানা গেছে। প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী কুইন সালেহার সন্তান। তিন স্ত্রীর ঘরে সুলতানের মোট ১২ সন্তানের একজন তিনি।
মালয়েশিয়াবেষ্টিত বোর্নিও দ্বীপের ছোট ও তেল-সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ে ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ পরম রাজতন্ত্র চালাচ্ছেন। ১৯৬৮ সালে ২৯তম সুলতান হিসেবে অভিষিক্ত হওয়া তিনি বর্তমানে বিশ্বের দীর্ঘতম শাসনকারী রাজা। তিনি বিশ্বের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ ‘ইস্তানা নুরুল ইমানে’ থাকেন, যেখানে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ। তার শাসনামলে ব্রুনাই বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছে।
; Prince Abdul Malik and Pengiran Raabatul Adawiyyah (right)-768x402.webp)




