ইবোলা আক্রান্ত দেশ থেকে ফেরায় মার্কিন যাত্রীদের জন্য নতুন ভ্রমণবিধি

ইবোলা মোকাবিলায় সুরক্ষা পোশাকে স্বাস্থ্যকর্মীরা
ইবোলা মোকাবিলায় সুরক্ষা পোশাকে স্বাস্থ্যকর্মীরা | ছবি: সংগৃহীত
0

ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে উগান্ডা, দক্ষিণ সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) সম্প্রতি যাওয়া নির্দিষ্ট যাত্রীদের জন্য ভ্রমণবিধি কঠোর করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) শুক্রবার জানায়, উগান্ডা বা দক্ষিণ সুদানে গত ২১ দিনের মধ্যে অবস্থান করা মার্কিন নাগরিক ও নাগরিকত্বধারীদের নির্দিষ্ট মার্কিন বিমানবন্দরের মাধ্যমে দেশে প্রবেশ করতে হবে। সেখানে জনস্বাস্থ্যসংক্রান্ত পরীক্ষা করা হবে।

কেবল সংযোগকারী ফ্লাইটের জন্য উগান্ডা বা দক্ষিণ সুদানে যাত্রাবিরতি করা যাত্রীদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। তবে গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গোতে অবস্থান করা যাত্রীদের মার্কিন গন্তব্যের বাণিজ্যিক ফ্লাইটে ওঠার অনুমতি দেয়া হবে না। ডিআর কঙ্গো ছাড়ার পর ২১ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে হবে।

সিডিসি জানিয়েছে, ডিআর কঙ্গোর যেসব প্রদেশে ইবোলার প্রাদুর্ভাব রয়েছে, সেখান থেকে বের হওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষ যাত্রীদের ওপর অতিরিক্ত ভ্রমণবিধি আরোপ করতে পারে।

ইবোলায় আক্রান্ত হওয়ার সন্দেহ হলে সংশ্লিষ্ট রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে। সেখানে তার শারীরিক পরীক্ষা, আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এএম