লন্ডনের ব্যস্ত কভেন্ট গার্ডেনে ছুরি হামলা, আটক ৪৭ বছর বয়সী নারী

লন্ডনের কোভেন্ট গার্ডেনে ঘটনাস্থলের কাছে জড়ো হয়েছেন জরুরি  ইমার্জেন্সি সেবাকর্মীরা
লন্ডনের কোভেন্ট গার্ডেনে ঘটনাস্থলের কাছে জড়ো হয়েছেন জরুরি ইমার্জেন্সি সেবাকর্মীরা | ছবি: সংগৃহীত
0

লন্ডনের ব্যস্ত এলাকা কভেন্ট গার্ডেনে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মেট্রোপলিটন পুলিশ এই তথ্য জানিয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরে গড়ে ওঠা এই এলাকাটি পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, ছুরিকাঘাতে আহত চারজনের বয়স ৩৪, ৩৯, ৪২ ও ৫২ বছর। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মারণাস্ত্র রাখা ও হামলার অভিযোগে তাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি মানসিক অসুস্থতাজনিত। ঘটনাস্থল থেকে একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরের কিছু পরে এন্ডেল স্ট্রিটে এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত একটি বড় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলেই তারা চার আহতকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সড়কপথে সবাইকে ট্রমা সেন্টারে পাঠানো হয়। পুলিশ প্রথমে তিনজন আহতের কথা জানালেও পরে এক বিবৃতিতে চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এএম