রয়টার্স জানিয়েছে, আজ (সোমবার, ৩ আগস্ট) রাজধানী নেপিডোতে আইসিআরসির মিয়ানমারবিষয়ক আবাসিক প্রতিনিধি আর্নো দ্য বেকের সঙ্গে সু চির সাক্ষাৎ হয়। সরকারের মুখপাত্র খাইন খাইন সো টেলিগ্রামে দেয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই অং সান সু চি আটক রয়েছেন। ওই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় নিমজ্জিত হয়। আটকের পর দীর্ঘ সময় ধরে সু চির অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এসময়ের মধ্যে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা আন্তর্জাতিক দূত প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি।
চলতি বছরের এপ্রিলের শেষ দিকে সেনাসমর্থিত নির্বাচনের মাধ্যমে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে কর্তৃপক্ষ জানায়, সু চিকে কারাগার থেকে গৃহবন্দী অবস্থায় নেয়া হয়েছে।





