চীনের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুজিয়ান প্রদেশের গুয়াংডং সীমান্তসংলগ্ন দংশান দ্বীপের আশপাশে এই মহড়া চলবে।
এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বেইজিংকে ‘যুক্তিসংগত সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা চীনকে ‘সামরিক উসকানি ও ধূসর অঞ্চলের তৎপরতা’ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে।
এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রত্যাশাকে উপেক্ষা করে চীন আবারও তাইওয়ান প্রণালির আশপাশে সামরিক শক্তি ব্যবহার করছে। এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে এবং চীন আবারও প্রমাণ করছে যে, তারা এ অঞ্চলে অস্থিরতা সৃষ্টিকারী পক্ষ।’
গত ডিসেম্বর তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক মহড়া চালায় চীন। যুক্তরাষ্ট্র দ্বীপটির জন্য রেকর্ড ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণার পর ওই মহড়া অনুষ্ঠিত হয়। সে সময় প্রায় ১০ ঘণ্টার সরাসরি গোলাবর্ষণ মহড়ায় চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের উত্তর ও দক্ষিণের জলসীমায় রকেট নিক্ষেপ করেছিল।





