ইরানের হামলায় দুই সপ্তাহে ১০০ মার্কিন সেনা আহত, স্বীকার পেন্টাগনের

পেন্টাগন
পেন্টাগন | ছবি: রয়র্টার্স
0

ইরানের ওপর টানা দশম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে তেহরানও যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে গত দুই সপ্তাহের সংঘাতে প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে পেন্টাগন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই দিনে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির কর্মীরা প্রাণ বাঁচাতে লাইফবোটে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কুয়েত, বাহরাইন ও জর্ডান জানিয়েছে, তারা আক্রমণ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, আহত সেনাদের বেশির ভাগই ‘সামান্য কনকাশনে’ ভুগছেন এবং তাদের ৯৬ শতাংশই কাজে ফিরেছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, ইরানি হামলায় সেনাদের আহত হওয়ার তথ্য পেন্টাগন গোপন করেছে, যা পার্নেল অস্বীকার করেন। গত এক সপ্তাহে জর্ডান ও ইরাকে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

টানা দশ রাতের মার্কিন বিমান হামলাও হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করতে পারেনি। শান্তির সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হতো। এই সংকটের মধ্যে সোমবার ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। এতে বৈশ্বিক বাণিজ্য ও তেলের দামের ওপর চাপ আরও বেড়েছে।

হুতিদের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ যে বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচল করে, তা সৌদির জন্য বন্ধ করে দেয়া হবে। ইয়েমেনিদের ওপর সৌদির ১০ বছরের ‘অন্যায্য অবরোধের’ জবাবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি তার। সৌদি আরবের সেনাবাহিনী জানিয়েছে, তারা এই জলপথ খোলা রাখবে। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় লোহিত সাগরের বন্দর দিয়ে সৌদির তেল রপ্তানি বাড়ায় নতুন করে চাপ তৈরি হয়েছে।

যুদ্ধের আশঙ্কার মধ্যেই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে গত মাসে সই হওয়া অন্তর্বর্তী চুক্তি ভেঙে পড়ার পর নতুন কী চুক্তি হতে পারে, তা স্পষ্ট নয়। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধ তীব্র হওয়ায় দুই পক্ষই এখন লাখো মানুষের নির্ভরশীল বেসামরিক অবকাঠামোতেও আঘাত হানছে।

এই উত্তেজনার জেরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ৮৮ ডলারের ওপরে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রে সাধারণ পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৪ ডলারে পৌঁছেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সাধারণ মার্কিনিদের কপালে ভাঁজ ফেলেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার ওমানের লিমাহর ৮ নটিক্যাল মাইল পূর্বে একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। পরে আইআরজিসি এই হামলার দায় স্বীকার করেছে। কর্মীরা জাহাজ ছেড়ে লাইফবোটে উঠলেও কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ইরানের নিয়ন্ত্রণ এড়াতে ওমানের চারপাশ দিয়ে যে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ মার্কিন সেনাবাহিনী দিয়ে আসছিল, সেখানেই এই হামলার ঘটনা ঘটলো।

এএম