রাশিয়ায় ই-কমার্স গুদামে ইউক্রেনের ড্রোন হামলা; নিহত ৮

ফুটেজে দেখা যায় আগুনে পুড়ছে বিশাল গুদাম, দ্রুত সরছেন কর্মীরা
ফুটেজে দেখা যায় আগুনে পুড়ছে বিশাল গুদাম, দ্রুত সরছেন কর্মীরা | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার বৃহত্তম অনলাইন রিটেইল প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর দুটি গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬২ জন। মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাম্বভ শহরের একটি গুদামে সাতজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল শহরের ওয়াইল্ডবেরিজের অন্য একটি গুদামে ১ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই হামলা মূলত বড় ধরনের ‘লজিস্টিক স্থাপনা’ লক্ষ্য করে চালানো হয়েছে। তার দাবি, এসব স্থাপনা ড্রোন উৎপাদন ও নেভিগেশন সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহে ব্যবহৃত হতো। জেলেনস্কি আরও জানান, ইউক্রেন আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রুশ-অধিকৃত ক্রিমিয়াতেও হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিশালাকার লজিস্টিক ভবন থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এ সময় আতঙ্কিত কর্মীরা ছোটাছুটি করছেন। হামলার সময় ভবন ধসে পড়ার দৃশ্যও ভিডিওতে ধরা পড়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও শহরগুলোতে রাশিয়ার হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে। এর আগে বুধবার রাতে ইউক্রেনে রুশ হামলায় ১৪ জন নিহত হন। ওয়াইল্ডবেরিজকে প্রায়ই রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে অভিহিত করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এই ঘটনাকে রাশিয়া ও তার কোম্পানির জন্য একটি ‘ভয়াবহ রাত’ হিসেবে বর্ণনা করেছেন।

তাম্বভের গভর্নর এভজেনি পারভিশভ জানান, ড্রোন হামলায় সাতজন নৈশকালীন কর্মী ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ জানান, ইলেকট্রোস্টালের গুদামে আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে একটি তেল ডিপোতেও ড্রোন আছড়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও লজিস্টিক অবকাঠামোতে ড্রোন হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তু, কারণ এসব রপ্তানির অর্থ দিয়েই মস্কো যুদ্ধের খরচ মেটায়।

এএম