ইরান চুক্তি নিয়ে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের, অভিযোগ জেডি ভ্যান্সের

জেডি ভ্যান্স
জেডি ভ্যান্স | ছবি: গার্ডিয়ান
0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ করার চুক্তির বিরুদ্ধে জনমত গঠনে ইসরাইলি সরকারের কিছু সদস্য চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল (বুধবার, ১৪ জুলাই) প্রকাশিত জো রোগানের পডকাস্টে তিনি এই মন্তব্য করেন।

ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনেকের কাছে বিবেচিত ভ্যান্সের এই মন্তব্য দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রকাশ্য মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে। ইসরাইলি সরকারের নীতির সমালোচনা করে এর আগেও কথা বলেছেন তিনি।

গত মাসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে হওয়া চুক্তির পক্ষে অবস্থান নেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচকেরা এই চুক্তির বিরোধিতা করে আসছেন। তাদের মতে, এই চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং এর পরমাণু স্থাপনা ভেঙে ফেলার কোনো স্পষ্ট পথ দেখায় না। পাশাপাশি এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধে ইসরাইলকে সীমাবদ্ধ করে ফেলছে।

ভ্যান্স বলেন, ‘আমি কোনো সন্দেহ ছাড়াই জানি, ইসরাইলি সরকারের ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা আমাদের এই নীতি থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। কারণ তারা সামরিক অভিযান চালিয়ে যেতে চান।’

ভাইস প্রেসিডেন্ট জানান, ইসরাইলি সরকারের কিছু সদস্যের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ থাকলেও ‘তাদের সিস্টেমের ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে মার্কিন জনমতকে বদলানোর চেষ্টা করছেন এটি আমরা কোনো সন্দেহ ছাড়াই জানি।’

ভ্যান্স বলেন, অনেক দেশ—মিত্র বা প্রতিপক্ষ মার্কিন নীতিকে প্রভাবিত করতে চেষ্টা করে। তিনি বলেন, ‘ইসরাইল এটি করে বলে আমি বিরক্ত নই। সত্যি বলতে, রাশিয়া বা অন্য কোনো দেশ এটি করলেও আমি বিরক্ত হই না।’ তার মতে, ২০২৬ সালে একজন রাজনৈতিক নেতা হওয়ার এটাই স্বাভাবিক প্রকৃতি।

তবে ভ্যান্স বলেন, ‘আমাকে যা বিরক্ত করে তা হলো, এই ধরনের কার্যক্রম বা প্রভাব বিস্তারের প্রচারণা যখন সত্যিকারের মার্কিন রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে।’

আরও পড়ুন:

গত জুনে ইরান চুক্তির ইসরাইলি সমালোচকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ভ্যান্স। তখন তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইসরাইলের একমাত্র মিত্র। এই কড়া প্রতিক্রিয়ায় তিনি ইসরাইলকে যুক্তরাষ্ট্রের দেয়া বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তার কথাও উল্লেখ করেন।

ইসরাইলের জ্যেষ্ঠ কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চুক্তির শর্তগুলো ইসরাইলের জন্য ক্ষতিকর। কারণ এগুলো ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত উদ্বেগ নিরসনে ব্যর্থ হয়েছে। তাদের ভাষ্য মতে, এই মত ইসরাইলের নেতৃত্বজুড়ে সবার।

ইসরাইলি প্রভাব না থাকলে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক এই যুদ্ধে জড়াতো কি না এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, আমি তাই মনে করি।’

ভ্যান্স আরও বলেন, ‘আমি মনে করি, ইসরাইলের যেকোনো প্রভাবের বাইরেও প্রেসিডেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করেন; আর আমিও তার সঙ্গে একমত যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’ ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এএম