মস্কো থেকে ২৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইয়ারোস্লাভ অঞ্চলের গভর্নর মিখাইল ইয়েভরায়েভ জানিয়েছেন, এসব হামলায় একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এই অঞ্চলে একটি তেল শোধনাগার রয়েছে, যেখানে বারবার হামলা চালানো হয়েছে। গভর্নরের ভাষ্য, এই অঞ্চলের ওপর দিয়ে ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ঠিক কোন স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল, তা তিনি জানাননি।
ভলগা নদীর তীরবর্তী সারাতভ অঞ্চলের এনগেলস শহরে ড্রোন হামলার পর হতাহতের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এনগেলসে একটি বিমানঘাঁটি রয়েছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
রাশিয়ার পশ্চিমাঞ্চলের ইউক্রেন-সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সুজেমকা গ্রামে একটি রকেট হামলায় ১৫ বছরের এক কিশোরী ও তার দাদি নিহত হয়েছেন। এই হামলায় আরও একজন আহত হয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ১১টি টাইম জোনজুড়ে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউক্রেন বলছে, চার বছর ধরে চলা এই যুদ্ধে অর্থায়ন করে রাশিয়ার তেল-বাণিজ্য। সেই আয় কমিয়ে দেয়াই কিয়েভের লক্ষ্য। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে চালানো রুশ হামলায় হাজার হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে রাজধানী কিয়েভের অন্তত দুটি এলাকায় রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আগুন ধরে যায় এবং দুজন নিহত হন।




