গতকাল (মঙ্গলবার, ১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে আলকাট্রাজ দ্বীপ থেকে প্রায় ৬০০ গজ দূরে একটি জলযান বিপদে পড়ার খবর পায় সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিসের প্রধান ডিন ক্রিসপেন এক সংবাদ সম্মেলনে জানান, তাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাগরের পানিতে একজনকে গুরুতর অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে তীরে এনে সিপিআর দেয়া হলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তিন তলাবিশিষ্ট ওই পন্টুন নৌকাটিতে ২০ জন আরোহী ছিলেন। তারা মূলত একটি পরিবারের সদস্য এবং কোনো এক স্বজনের ‘শেষ বিদায়’ বা মেমোরিয়াল সার্ভিসের জন্য সেখানে গিয়েছিলেন। নৌকাডুবির ঘটনায় তিনজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। বাকি ১৩ জন নিরাপদে তীরে ফিরতে পেরেছেন।
প্রাথমিকভাবে নৌকাটিতে আগুন লাগার খবর পাওয়া গেলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুনের কোনো প্রমাণ পায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে ৫০ ফুট দীর্ঘ নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে সেটি উল্টে যায়।
উদ্ধারকাজে অংশ নেয়া জাস্টিন মার্সেলাইন নামের এক ব্যক্তি রয়টার্সকে জানান, তারা যখন পৌঁছান তখন সেখানে চরম বিশৃঙ্খলা চলছিল। আরোহীরা সবাই অত্যন্ত ক্লান্ত ছিলেন এবং বাঁচার জন্য মরিয়া হয়ে হাত-পা ছুড়ছিলেন। নিখোঁজ তিনজনকে উদ্ধারে সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট ও মার্কিন কোস্টগার্ড যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে।





