ন্যাটোর সদস্য তুরস্ক ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ পড়ে আছে। আঙ্কারা তখন রুশ এস-৪০০ বিমানপ্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান হাতে পায়। এই অস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র তুরস্ককে স্পষ্ট ভাষায় সতর্ক করেছিল।
তুরস্কের সরকারপন্থি সংবাদপত্র হুরিয়েতের একজন কলামিস্ট শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছেন, আঙ্কারা তাদের এস-৪০০ ব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের একটি দেশের কাছে পুনরায় বিক্রি করেছে। তবে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করেননি তিনি।
এএফপি এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেন, ‘এই বিষয়ে তুর্কি পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ভবিষ্যতেও আমরা তুর্কি পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রাখব।’
সিরিয়ায় যুদ্ধ ও অন্যান্য বিষয় নিয়ে আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্ক যখন খারাপ ছিল, তখন ২০১৭ সালে তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা কেনে। তুরস্কের এই পদক্ষেপ ন্যাটোর অন্যান্য সদস্যের সমালোচনার মুখে পড়ে। যুক্তরাষ্ট্র তার কাউন্টার-এনিমি অ্যাক্ট ‘সিএএটিএসএ’-এর অধীনে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে তুরস্কের অর্থ পরিশোধ করা এফ-৩৫ যুদ্ধবিমান সংগ্রহও বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তুরস্ককে আবার এফ-৩৫ কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়ে ‘বিবেচনা করবেন’। ট্রাম্প বলেন, ‘তুরস্কের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। যেসব দেশকে আমরা অনুগত মনে করি, তাদের চেয়েও তুরস্ক অনেক বেশি অনুগত।’ পরে তিনি যোগ করেন, ‘আমরা নিষেধাজ্ঞা তুলে নেব।’
তবে এস-৪০০ পুনরায় বিক্রি করতে হলে তুরস্কের জন্য রাশিয়ার সম্মতি নেয়া প্রয়োজন। কারণ, দেশটির কাছে এটি পুনরায় রপ্তানির কোনো লাইসেন্স নেই।





